বৈশাখী হাওয়া
রবিশঙ্কর
মৈত্রী
দুঃখের দুর্গম পথে তীর্থযাত্রা করেছি একাকী
হানিয়াছে দারুণ বৈশাখী।
কতো দিন সঙ্গীহীন, কতো রাত্রি দীপালোকহারা,
তারি মাঝে অন্তরেতে পেয়েছি ইশারা।
Ñরবীন্দ্রনাথ ঠাকুর
এখন সকল বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ,
বাংলা নববর্ষ উদযাপন। আমরা উৎসবপ্রিয়,
সারা বছরই কোনো-না-কোনো উৎসবে মেতে থাকতে
চাই। আমাদের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি কৃষ্টির মধ্যেই রয়েছে আনন্দ উৎসবের উৎস। বিজয় উৎসব,
ভাষা উৎসব, স্বাধীনতা উৎসব, কবিতা উৎসব, নাট্য উৎসব, ফল উৎসব, সংগীত উৎসব, বসন্ত উৎসব এবং নববর্ষ উৎসব।
গত চার দশকে বাংলা নববর্ষ বরণ বাঙালির সর্বজনীন উৎসব
হয়ে উঠেছে। পহেলা বৈশাখ উদ্যাপন এখন জাতীয় উৎসব পরিণত হয়েছে। রঙে ঢঙে আমেজে ইমেজে বৈশাখের
উৎসব আর উৎসব থেকে সম্পূর্ণ আলাদা।
উৎসব আর মেলার মধ্য দিয়েই জাতির কৃষ্টি সংস্কৃতি
ঐতিহ্য প্রকাশিত হয়। সাংস্কৃতিক উৎসবের মধ্য দিয়েও আমরা নিজেদেরকে চিনতে পারি জানতে
পারি।
দুই.
বাংলা তারিখের ব্যবহার দৈনন্দিন জীবনে আর নেই বললেই
চলে, আমরা তাই এখন আর
বাংলা তারিখ মনে রাখতে পারি না। কিন্তু এটুকু অন্তত
মনে রাখা দরকার, বাংলা দিনপঞ্জিকার
সঙ্গে ষড়ঋতুর যোগাসূত্র আছে, এই দিনপঞ্জিকার
আছে ঐতিহাসিক গুরুত্ব।
আমরা যখন বৃটিশশাসিত ছিলাম তখন বাংলা দিনপঞ্জিকা
অক্ষরে অক্ষরে মনে রেখেছিলাম। সেই সময়ে অবশ্যই বাংলা তারিখ মেনে পালিত হত জন্মদিবস মৃত্যুদিবস। আমরা যেদিন থেকে যতো বেশি নিজেদেরকে স্বাধীন ভেবেছি
সেদিন থেকে আমাদের বাঙালিত্বের বাঁধন আলগা হতে শুরু করেছে। বাঙালিত্বের আলগা বাঁধন
এখনো পুরোপুরি খুলে যায়নি উৎসবের জন্যে। আমরা যতো বেশি উৎসবমুখী, মেলামুখী হবÑততো বেশি বাঙালিত্বের সঙ্গে পরিচিত হব, ততো গভীরে ঢুকতে পারব।
তিন.
হিজরি ৯৬৩ সালে সম্রাট আকবর দিল্লির মসনদে বসেন।
তাঁর রাজত্বকালে রাজকার্যে নানা অসুবিধা দেখা দেয়। এই সময় বাংলাদেশ মোঘল সাম্রাজ্যের
অন্তর্ভুক্ত হয়। সম্রাট আকবর হিজরি সাল-তারিখ অনুযায়ী খাজনা আদায় করা কঠিন হয়ে পড়ে
বলে চান্দ্র সালের পরিবর্তে সৌর সাল চালুর উদ্যোগী হন।
চান্দ্র মাস অনুযায়ী হিজরি সাল সৌর সালের চেয়ে প্রতি
বছরই ১০/১১ দিন কম হয়। আর তাই চান্দ্র সালের হিসেব অনুযায়ী প্রতি বছরই খাজনা আদায়ের
দিন তারিখ পাল্টাতে হয়। সম্রাট চাইলেন, একটা নির্দিষ্ট তারিখ।
সম্রাট আকবরের দরবারের কজন প্রভাবশালী কর্মচারীও
সৌর সালুর পক্ষে মত দেন। সম্রাট আকবরের সৌর সাল চালুর নির্দেশনামা জারি হয়। বাংলা সালের
গণনা শুরু হয় সম্রাটের সিংহাসনে আরোহণের একমাস পরে ১১ই এপ্রিল ১৫৫৬ খ্রিস্টাব্দে।
৯৬৩ হিজরিতে বাংলা সালের জন্ম। ৯৬৩ হিজরি থেকে ৯৬৩
বাংলা সাল গণনা শুরু হল। কিন্তু সৌর সালের হিসেবে ৩৬৫ দিনে বাংলা সাল, আর ৩৫৫/৫৬ দিনে এক হিজরি সাল হওয়ায় বাংলা সাল ধীরে
ধীরে পিছিয়ে পড়ছে।
